প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 19, 2025 ইং
খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্তিন ত্রিপুরা নামে ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন এক নারী।
বুধবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার তাইন্দং হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অস্তিন ত্রিপুরা একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এ ছাড়া এ ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (সন্তু গ্রুপ) দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ওই এলাকায় ইউপিডিএফের একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। আগে থেকে ওঁৎ পেতে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যান। গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছেন।
তবে এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ‘এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার